ঢাকা | জুন ২১, ২০২৬ - ১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

পরিবেশ সংরক্ষণে বিলাইছড়ি জোনের বিশেষ উদ্যোগ, প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত

  • আপডেট: Saturday, June 20, 2026 - 10:14 pm

নিজস্ব প্রতিনিধি।।

রাঙ্গামাটির প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিলাইছড়ি জোনের উদ্যোগে বিশেষ প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অভিযানের আওতায় বিলাইছড়ি জোন হেডকোয়ার্টার এলাকা, বিলাইছড়ি বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের জনসমাগমস্থলে ছড়িয়ে থাকা প্লাস্টিক, পলিথিন, বোতল এবং অন্যান্য পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়।

অভিযান চলাকালে সেনাসদস্যরা স্থানীয় জনগণের মাঝে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিলাইছড়ি জোনের পক্ষ থেকে উপ-অধিনায়ক মেজর মো. ফখরুল আবেদীন বলেন, বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ একটি ভয়াবহ পরিবেশগত সংকট হিসেবে দেখা দিয়েছে, যা মাটি, পানি ও সামগ্রিক পরিবেশ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে রাঙ্গামাটির মতো পার্বত্য ও পর্যটনসমৃদ্ধ অঞ্চলে অনিয়ন্ত্রিত প্লাস্টিক ব্যবহার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

তিনি আরও বলেন, এই বর্জ্য অপসারণ অভিযান শুধু একটি পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, বরং পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। এ ধরনের কার্যক্রম পরিবেশ দূষণ কমানো, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।