ঢাকা | জুলাই ২, ২০২৬ - ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম

দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে লংগদুতে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট: Thursday, July 2, 2026 - 6:58 pm

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলার ২ নম্বর কালাপাকুজ্জ্যা ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকার প্রতিবাদে এবং দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টায় “আলো চাই, উন্নয়ন চাই, আমাদের এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ চাই” স্লোগানকে সামনে রেখে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান ডিজিটাল যুগেও কালাপাকুজ্জ্যা ইউনিয়নের মানুষ বিদ্যুতের মতো মৌলিক সেবা থেকে বঞ্চিত। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটছে। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর অভাবে তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও বলেন, বিদ্যুতের অভাবে ক্ষুদ্র ব্যবসা, কুটির শিল্প ও কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্ভব হচ্ছে না। এতে এলাকার অর্থনৈতিক উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি রাতের অন্ধকারে চুরি-ডাকাতিসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকিও বেড়ে যাচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করলেও শুধু আশ্বাস পেয়েছেন, বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা হ্যান্ডমাইকে বিভিন্ন স্লোগান দেন এবং সাংবাদিকদের কাছে দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এ সমস্যার সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

মানববন্ধন শেষে এলাকাবাসী বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে কালাপাকুজ্জ্যা ইউনিয়নের মানুষও বিদ্যুতের সুবিধা পেয়ে উন্নয়নের মূলধারায় যুক্ত হতে পারেন।