ঢাকা | মে ২২, ২০২৬ - ৭:২২ অপরাহ্ন

শিরোনাম

থানচিতে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লাখ টাকাসহ আটক ১

  • আপডেট: Friday, May 22, 2026 - 6:36 pm

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত দুঃসাহসিক অভিযানে অপহৃত এক ঠিকাদারকে উদ্ধার করা হয়েছে। এসময় মুক্তিপণের ৩ লাখ টাকাসহ এক অপহরণকারীকে আটক করা হয়।

শুক্রবার (২২ মে) বলিপাড়া জোন (৩৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদার মোঃ আমু হোসেন (৫০)-কে গত ২১ মে স্থানীয় একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হলে, তার জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবার দাবি অনুযায়ী অর্থ প্রদান করতে বাধ্য হয়।

ঘটনার সংবাদ পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক ও বলিপাড়া জোন কমান্ডার লে. কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেনের সার্বিক দিকনির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল অভিযান শুরু করে। জোনের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ, পরিস্থিতি বিশ্লেষণ এবং অপহরণকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে থানচি উপজেলার বিদ্যামনিপাড়া এলাকায় গভীর রাতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে অপহৃত ঠিকাদার মোঃ আমু হোসেনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একইসঙ্গে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য মাংলে ম্রোকে আটক করা হয়। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মুক্তিপণের নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। থানচির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আরও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি গোয়েন্দা নজরদারিতে রয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুব শিগগিরই সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। থানচিকে পর্যটনবান্ধব এলাকা হিসেবে নিরাপদ রাখতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না বলেও জানানো হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।