ঢাকা | জুলাই ২৫, ২০২৬ - ১:১১ পূর্বাহ্ন

শিরোনাম

তারেক রহমানের নির্দেশনায় রাঙ্গামাটিতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট: Friday, July 24, 2026 - 9:37 pm

রাজস্থলী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী কৃষকদল রাঙ্গামাটি জেলা শাখা।

কর্মসূচির আওতায় জেলা কৃষকদলের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষকদলের সভাপতি অলক প্রিয় চৌধুরী (রিন্টু), সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান, সহ-সভাপতি মো. আলাউদ্দিনসহ জেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, গাছ মানুষের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ক্রমেই বাড়ছে। তাই পরিবেশ রক্ষায় শুধু বেশি বেশি গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা কৃষকদলের সভাপতি অলক প্রিয় চৌধুরী (রিন্টু) বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব। তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী কৃষকদল পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পাহাড়, বন ও প্রাকৃতিক পরিবেশ আমাদের অমূল্য সম্পদ। এসব সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু বলেন, “বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন সরবরাহ করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। কৃষকদলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় এ কর্মসূচি অব্যাহত রাখবেন।”

সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান বলেন, “দেশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল সর্বত্র বেশি বেশি গাছ লাগাতে হবে। আমাদের লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।”

বক্তারা আরও বলেন, বৃক্ষরোপণকে শুধু রাজনৈতিক কর্মসূচি হিসেবে নয়, সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। পরিবেশ রক্ষায় প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

পরে জেলা কৃষকদলের নেতৃবৃন্দ রাঙ্গামাটির বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং স্থানীয় জনগণকে বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।