ঢাকা | জুন ২, ২০২৬ - ১:৩০ অপরাহ্ন

শিরোনাম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত

  • আপডেট: Tuesday, June 2, 2026 - 10:20 am

নিজস্ব প্রতিবেদক।। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার (গ্যাস) ভর্তি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে পাচঁজনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। তারা একই পরিবারের সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু।

সোমবার (১ জুন) দিনগত রাত সাড়ে চারটার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারা ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন।

​নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), শহীদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম (২৪), রাকিব (১৮) এবং অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক (২৫)।

আহত শিশুরা হলো- আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। নিহত পাঁচ জনের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। আরেকজন প্রাইভেটকারের চালক।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ট্রাকের পেছনে ঢুকে যায়। ঘটনাস্থলে ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে বাকি দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

​বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গুরুতর আহত দুই শিশুকে প্রথমে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত পাঁচ জনের মধ্যে একই পরিবারের চার জন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।