ঢাকা | জুলাই ১৮, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে ফটিকছড়িতে জুলাই শহীদ দিবস পালন, প্রশ্নের মুখে উপজেলা প্রশাসন

  • আপডেট: Friday, July 17, 2026 - 9:47 pm

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামের ফটিকছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানের অংশীজন, জুলাই যোদ্ধা ও আহত যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও ছাত্রদলের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত অংশীজন, আহত যোদ্ধা কিংবা শহীদ পরিবারের সদস্যদের কাউকে অনুষ্ঠানে দেখা যায়নি। সংশ্লিষ্টদের অভিযোগ, তাঁদের অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি।

এ ঘটনায় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দেরও দাবি, যাঁদের আত্মত্যাগের স্মরণে দিবসটি পালন করা হচ্ছে, তাঁদের বাদ দিয়ে কর্মসূচি আয়োজন করায় জুলাইয়ের চেতনা ও ইতিহাসের যথাযথ প্রতিফলন ঘটেনি।

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মুহাম্মদ একরামুল হক বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপিকেও আমন্ত্রণ জানানো হয়নি। জুলাই কোনো ব্যক্তি বা দলের নয়, এটি গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সব মানুষের।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আকিব হাসান মাহি বলেন, “জুলাইয়ের অংশীজনদের বাদ দিয়ে কর্মসূচি পালন করায় ইতিহাস বিকৃত করা হয়েছে।”

জুলাই আন্দোলনের যোদ্ধা সাইরান কাদের চৌধুরী বলেন, “যাঁদের আত্মত্যাগে এই ইতিহাস সৃষ্টি হয়েছে, তাঁদেরই আমন্ত্রণ না পাওয়া অত্যন্ত দুঃখজনক।”

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে অনুষ্ঠান আয়োজন করতে হওয়ায় সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি ইচ্ছাকৃত নয় উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানের সব অংশীজনকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। অনেকেই ভবিষ্যতে রাষ্ট্রীয় কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।