ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ৯:২৯ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ উদ্বোধন, ইয়েস কার্ড পেলেন ৪২ প্রতিযোগী

  • আপডেট: Sunday, July 26, 2026 - 7:01 pm

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে আগামীর প্রতিভাবান কণ্ঠশিল্পী খোঁজার প্রতিযোগিতা ‘ভয়েস হান্ট সিজন-৩’-এর উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে কঠোর বিচার-বাছাই শেষে ৪২ জন ‘ইয়েস কার্ড’ অর্জন করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলা আধুনিক, লোকসংগীত ও আঞ্চলিক গানের পরিবেশনায় দিনব্যাপী মুখর ছিল অনুষ্ঠানস্থল। গানপ্রেমী, শিল্পী, সংগীতজ্ঞ ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

প্রথম রাউন্ড শেষে ‘ফেমিনা’ গ্রুপের চেয়ারম্যান শ্রী উজ্জ্বল চক্রবর্তী অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণ প্রতিযোগীদের হাতে ইয়েস কার্ড তুলে দেন।

চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’-এর আহ্বায়ক এস. এম. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়া এবং প্রতিযোগিতার সদস্য সচিব রুবেল বড়ুয়া।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিচারক লিটন মিত্র, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি হিল্লোল রায়, সাবেক সভাপতি লায়ন প্রবীর দত্ত, সাবেক সাধারণ সম্পাদক অসীম চন্দ বাপ্পি এবং সংগঠনের সদস্য ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী জগলুল পাশা, লিটন মিত্র, মনোজ কুমার সরকার, মো. সাখাওয়াত, নিখিলেশ বড়ুয়া, ইন্তেখাব আলম মান্না, রাজীব নন্দী, অনুজিত বড়ুয়া লিমন ও মোহাম্মদ শাহনেওয়াজ।

যন্ত্রসংগীতে সহযোগিতা করেন পঙ্কজ নাথ, সুমন দাশ, প্রীতম আচার্য্য, রিপন শীল, অভিজিৎ সরকার, সৌরভ দাশ, সজিব দাশ, রিপন দাশ, রনি আচার্য্য, শাকিল তোফা, কুশলব শীল (জুঁই) এবং সেতু সাংমা।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু সেরা কণ্ঠ নির্বাচন নয়, বরং নতুন প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করে নিয়মিত প্রশিক্ষণ ও গ্রুমিংয়ের মাধ্যমে দক্ষ শিল্পী হিসেবে গড়ে তোলা। ভবিষ্যতে তাদের মঞ্চ, বেতার, টেলিভিশন এবং অন্যান্য গণমাধ্যমে প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হিসেবে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আহ্বায়ক এস. এম. শাজাহান, সদস্য সচিব রুবেল বড়ুয়া, সভাপতি হিল্লোল রায় এবং সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়া বলেন, নতুন প্রতিভাদের বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এখান থেকেই ভবিষ্যতের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা উঠে আসবেন বলে তারা আশাবাদী।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লিপি দাশ, ঐশী দে, শান্তা, অনুরূপা ও সজিব বলেন, নতুন শিল্পীদের জন্য এমন একটি পেশাদার ও সুশৃঙ্খল আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। পাশাপাশি অভিজ্ঞ সংগীতশিল্পীদের কাছ থেকে শেখার সুযোগও তৈরি হয়েছে বলে তারা মন্তব্য করেন।