ঢাকা | মে ১০, ২০২৬ - ২:৪৭ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

  • আপডেট: Sunday, May 10, 2026 - 8:56 am

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (৯ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ ৪১ বিজিবি গেটের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, যাত্রীবাহী একটি সিএনজি উপজেলা সদর বরইছড়ি এলাকা থেকে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল কাপ্তাই থেকে লিচুবাগান এলাকায় যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় সিএনজি চালক মো. সায়মুন (২০), মোটরসাইকেল চালক শাহিন আলম (২৭), সিএনজির যাত্রী মো. জিদান (২০) এবং মোটরসাইকেলের যাত্রী মো. রানা (১৭) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শাহিন আলম গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি। তিনি জানান, শাহিন আলমের ডান হাত ভেঙে গেছে এবং গলায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি।