কক্সবাজার সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি অনুমোদন
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার সরকারি কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার জেলা কমিটি আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়।
অনুমোদিত কমিটিতে রুবায়েত মোহাম্মদ আদেলকে আহ্বায়ক, ইরতেজা মোহাম্মদ তানহাকে সদস্য সচিব এবং নুরুল ইসলাম নুরুকে মুখ্য সংগঠক নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে আহ্বায়ক আদেল ও সদস্য সচিব তানহা ঈদগাঁও এলাকার পরিচিত মুখ। অন্যদিকে মুখ্য সংগঠক নুরু রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বাসিন্দা।
কমিটি অনুমোদন সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেন জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার জেলা আহ্বায়ক এস. এম. আতহার সাকিফ, সদস্য সচিব যায়েদ বিন আমান এবং মুখ্য সংগঠক আশফিক রহমান।
“শিক্ষা, ঐক্য এবং মুক্তি” স্লোগানকে ধারণ করে সংগঠনটি দীর্ঘদিন ধরে কক্সবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছে বলে জানানো হয়।
নবনির্বাচিত আহ্বায়ক রুবায়েত মোহাম্মদ আদেল বলেন, ক্যাম্পাসে ইতিবাচক ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতির ধারা প্রতিষ্ঠা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা পালনে তারা কাজ করবেন।










