সুন্দরবনের ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা অস্ত্র-গোলাবারুদসহ আটক
মোংলা প্রতিনিধি।। সুন্দরবনের কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে (৩৫) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, আটক সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লা সোমবার (২০ এপ্রিল) রাত ১০টায় পরিবারের সঙ্গে দেখা করতে বাগেরহাটের রামপালের শুকদারা বাজার সংলগ্ন এলাকায় আসেন। যা আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি। পরে কোস্ট গার্ড বেইস মোংলা তাৎক্ষণিকভাবে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ২টায় মোংলার সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
জানা যায়, আব্দুস সামাদ মোল্লা বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। একইসঙ্গে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।











