ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

সুন্দরবনে পৃথক অভিযানে দয়াল বাহিনীর এক সদস্য অস্ত্রসহ আটক ও দুই জিম্মি উদ্ধার

  • আপডেট: Friday, April 17, 2026 - 9:21 pm

মোংলা প্রতিনিধি।। সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একইসঙ্গে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

 

আজ শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গত ১৫ এপ্রিল মোংলা থানাধীন জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন স্থানে মাছ ধরতে গিয়ে দুই জেলে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হন। ডাকাতরা তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়। গোয়েন্দা নজরদারির মাধ্যমে জিম্মিদের অবস্থান নিশ্চিত হয়। পরদিন ১৬ এপ্রিল বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা মুর্তি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি কাঠের নৌকাসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের গভীরে পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে  একই দিন সকালে শ্যামনগর থানাধীন হোগলডরা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। ডাকাতরা কোস্ট গার্ড দেখে বনের ভেতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাদের ধাওয়া করে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুলকে (৩৫) আটক করে।

এসময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। তরিকুল খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর হয়ে ডাকাতিতে জড়িত ছিল।

আটক ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধারকৃত দুই জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।