শান্তি, শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে “শান্তি, শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন বেকার যুবক ও যুব মহিলা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সমাজের সার্বিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে দেশের অনেক যুবক-যুবতী স্বাবলম্বী হয়ে দেশ গঠনে অবদান রাখছেন।”
যুব উন্নয়ন অধিদপ্তর রাঙামাটির উপপরিচালক মোহাং শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনা করেন কাপ্তাই উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। বক্তারা যুবসমাজকে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং সমাজ উন্নয়নে যুবদের কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুব সমাজকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।











