ঢাকা | এপ্রিল ১৬, ২০২৬ - ১১:৫১ অপরাহ্ন

শিরোনাম

লামায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে

  • আপডেট: Thursday, April 16, 2026 - 5:35 pm

নিজস্ব প্রতিবেদক।।

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে এক প্রবাসী পরিবারের রাবার ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজি, চুরি ও সশস্ত্র হামলার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিবসহ একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ী আব্দুস সবুর বাবুলের ছেলে মো. ওমর ফারুক আহত হয়ে বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী আব্দুস সবুর বলেন, আমরা দীর্ঘদিন ধরে রাবার বাগান ও রাবার ব্যবসার সঙ্গে জড়িত। পরিবারের তিন ছেলে সৌদি আরবে থাকায় ব্যবসা পরিচালনা করতে খুবই কষ্ট হওয়ার কারণে বড় ছেলে মো. ওমর ফারুক দুই মাস আগে প্রবাস থেকে দেশে এসেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২০২৪ সালের ৫ আগস্টের সময় এলাকার মঞ্জনু, রফিকুল, রিপন ও মানিক আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে প্রায় ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাপের মুখে আমি ১ লাখ ২০ হাজার টাকা তাদেরকে দেওয়া হয়।

তিনি আরও বলেন, চলতি মাসের ১৩ এপ্রিল আমাদের রাবার গুদাম থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ কেজি রাবার চুরি হয়ে যায়। এর পরের দিন স্থানীয় বাজারে আমার বড় ছেলে ওমর ফারুকের কাছে আবার ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আনোয়ারুল হক মাসুম এই ঘটনায় ৩ থেকে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ১৫ এপ্রিল রাতে আজিজনগর বাজার এলাকায় এক বৈঠকের সময় হঠাৎ করে আমার ছেলের ওপর আনোয়ারুল হক মাসুমের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল হামলা করে প্রচুর মারধর করে। এ সময় তারা আমার ছেলেকে মারধর করে গুরুতর আহত করার পর তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে এবং মোবাইল ফোন ও নগদ প্রায় ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনাটি আমরা শুনেছি, লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।