ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ২:৪১ অপরাহ্ন

শিরোনাম

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত

  • আপডেট: Sunday, April 26, 2026 - 11:53 am

আন্তর্জাতিক ডেস্ক।। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির মধ্যেই এসব হামলা চালানো হয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, ইসরায়েলি বাহিনী কান্তারা, কুসাইর, ওয়াদি হাসান, ইয়োহমোর আল-শাকিফ এবং হৌলা এলাকায় কামানের গোলাবর্ষণ চালায়। খবর আনাদোলুর।

ইয়োহমোর আল-শাকিফ শহরে একটি মোটরসাইকেল ও একটি ট্রাককে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।

অন্যদিকে বিনত জবেইল জেলার সাফাদ আল-বাত্তিখ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও ২ জন নিহত এবং ১৭ জন আহত হন।

এদিকে দখলকৃত খিয়াম শহরে বিস্ফোরক ব্যবহার করে ঘরবাড়ি ধ্বংস করে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। রাজধানী বৈরুতের আকাশেও সকাল থেকে নিচু উচ্চতায় ইসরায়েলি ড্রোন উড়তে দেখা গেছে।

গত ২ মার্চ হিজবুল্লাহর সীমান্তবর্তী হামলার পর থেকে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালিয়ে আসছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকে পুরো অঞ্চলই উত্তেজনায় রয়েছে।

লেবাননের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ২৫০০ মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হোয়াইট হাউসে দ্বিতীয় দফা উচ্চপর্যায়ের আলোচনার পর ইসরায়েল ও লেবানন তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে।