ঢাকা | মে ২, ২০২৬ - ৭:১৮ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, হেলপার নিহত

  • আপডেট: Saturday, May 2, 2026 - 5:12 pm

মীরসরাই প্রতিনিধি।।

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে এক হেলপার নিহত হয়েছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সবজিবাহী ট্রাকের ধাক্কায় রবিউল হোসেন (৫০) নামে এক হেলপার নিহত হয়েছেন। শনিবার (২ মে) ভোরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর সিএনজি পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল হোসেন ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মির্জাপুর এলাকার মৃত নেহাল উদ্দিনের ছেলে। এই দুর্ঘটনায় ট্রাকচালক ও এক সবজি ব্যবসায়ীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক অবৈধভাবে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি পেঁয়াজ ও সবজিবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সবজিবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার রবিউলের মৃত্যু হয়। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান জানান, মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।