মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় হয়রানির অভিযোগ বরকলের জামায়াত নেতার
রাঙামাটি প্রতিনিধি।।
মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রাঙামাটির বরকল উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রবিউল ইসলাম।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের বনরুপা ইসলামিক সেন্টার পাঠাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বলেন, গত ২৩ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ কয়েকটি অনলাইন গণমাধ্যমে তার ছবি সংবলিত একটি সংবাদ প্রকাশ করা হয়, যেখানে তাকে চাঁদাবাজির মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি দাবি করেন, প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি চাঁদাবাজির নয়; একটি সাইবার সংক্রান্ত অভিযোগকে ভিন্নভাবে উপস্থাপন করে তাকে হেয় করার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট প্রতিবেদনে তার বক্তব্য যথাযথভাবে তুলে ধরা হয়নি। বরং তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, তিনি প্রতিবেদকের সঙ্গে ফোনে কথা বলে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি মামলার বাদীর পরিচয় ও ঠিকানা নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, বাদী নিজেকে স্থানীয় বাসিন্দা হিসেবে উল্লেখ করলেও জাতীয় পরিচয়পত্রে ভিন্ন ঠিকানা রয়েছে, যা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে।
রবিউল ইসলাম আরও বলেন, মামলার বাদীর সঙ্গে পূর্বে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং পরবর্তীতে বিরোধের জেরে এ ধরনের মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ জানানো এবং কিছু তথ্য প্রকাশ করার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি তিনি গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে তাদের মতামত পাওয়া গেলে পরবর্তীতে প্রকাশ করা হবে।











