মানিকছড়িতে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দুই শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা পেয়েছেন। রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার এবং বাংলাদেশ নাথ কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
সোমবার (১৫ জুন) দিনব্যাপী উপজেলার তিনটহরীতে অবস্থিত ঋষি শ্রীশ্রী বাবা যোগানন্দ ভারতী সিদ্ধাশ্রম প্রাঙ্গণে এ বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সহযোগিতা করেন রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের চেয়ারম্যান লায়ন ডা. নারায়ণ চন্দ্র নাথ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল পূর্ণরাজ ফাউন্ডেশন।
চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. সায়েম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় রোগীদের বিনামূল্যে চিকিৎসাপত্র, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণ করা হয়। পাশাপাশি চোখে ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, সিদ্ধাশ্রম পরিচালনা কমিটির সভাপতি ডা. মিলন কান্তি দে, সিনিয়র সহ-সভাপতি চন্দন কুমার শীল, শিক্ষানুরাগী অজিত কুমার নাথ ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব আশিষ বরণ সেনসহ স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।











