ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ৫:২২ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়ির ২০০ পরিবার পাচ্ছে ‘স্টার্ট ফান্ড’ প্রকল্পের মানবিক সহায়তা

  • আপডেট: Monday, July 20, 2026 - 6:57 pm

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় START FUND BANGLADESH ও START NETWORK-এর অর্থায়নে বাস্তবায়নাধীন মানবিক সহায়তা কার্যক্রম (ALERT B-075) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহালছড়ি থানার এসআই রাজীব দে এবং ১ নম্বর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন চাকমা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার (সেইফগার্ড ফোকাল) ঝুমালিয়া চাকমা। সভা পরিচালনা করেন সংস্থাটির প্রতিনিধি তঞ্চঙ্গা টি.এফ. টার্জালিন (জুয়েল)।

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় মহালছড়ি সদর ইউনিয়ন ও ৩ নম্বর ক্যয়াঘাট ইউনিয়নের ২০০টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তা পাবে। সহায়তার মধ্যে থাকবে শিক্ষা উপকরণ, নারীদের সুরক্ষা সামগ্রী এবং আশ্রয় (শেল্টার) সামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা। প্রকল্পটি বাস্তবায়ন করবে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, উপকারভোগী নির্বাচন পদ্ধতি, বাস্তবায়ন কৌশল এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।