ঢাকা | জুন ২, ২০২৬ - ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য আটক

  • আপডেট: Monday, June 1, 2026 - 10:29 pm

মহালছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র এবং চাঁদা আদায়ের রশিদ বইসহ আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল)-এর তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (১ জুন) রাত আনুমানিক ২টার দিকে মহালছড়ি সেনা জোনের আওতাধীন পঙ্খীমুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র, তিনটি মোবাইল ফোন এবং চাঁদা আদায়ের রশিদ বই (টোকেন) উদ্ধার করা হয়েছে।

মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকায় ইউপিডিএফ (মূল)-এর সদস্যরা সাধারণ মানুষ, পরিবহন চালক ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে এবং চাঁদা আদায়ের সময় তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

তিনি বলেন, “এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এদিকে অভিযানের খবরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে তারা ওই সশস্ত্র চক্রের চাঁদাবাজির কারণে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। যৌথ বাহিনীর এই অভিযানের ফলে তারা হয়রানি ও আর্থিক ক্ষতি থেকে মুক্তি পাওয়ার আশা করছেন।

আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগে প্রয়োজনীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।