ঢাকা | মে ৭, ২০২৬ - ৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও দুটি মোটরসাইকেল জব্দ

  • আপডেট: Thursday, May 7, 2026 - 6:53 pm

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বরকল উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় সিগারেট ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।

বুধবার (৬ মে) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধীনস্থ বদিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আমবাগান নামক স্থান দিয়ে চোরাকারবারীরা দুটি মোটরসাইকেলে ভারতীয় সিগারেট চোরাচালানের উদ্দেশ্যে লোড করছে।

এ তথ্যের ভিত্তিতে জোন অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে বদিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে টহল দল ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট এবং দুটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ২৫ হাজার টাকা।

জব্দকৃত ভারতীয় সিগারেট ও মোটরসাইকেল রামগড় শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর জোন অধিনায়ক লে. কর্নেল তাসকিন পিএসসি জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, ঊর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।