ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ৫:১৮ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে বন্যার্ত ২৩২ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ, ৯৫ জনকে চিকিৎসাসেবা

  • আপডেট: Sunday, July 12, 2026 - 2:33 pm

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

টানা অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। শনিবার (১১ জুলাই) সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বান্দরবান সদর জোন সূত্রে জানা যায়, জোন সদর ও ডুলুপাড়া ক্যাম্প থেকে সেনা দলের নেতৃত্বে দুটি টহল দল বিকেল ৩টা থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। এ সময় সদর উপজেলার রেইচা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুঝিড়ি পাড়া এবং কুহালং ইউনিয়নের ডুলুপাড়া ও বটতলী পাড়ায় বন্যায় পানিবন্দি ৭২টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে মোবাইল মেডিক্যাল টিম ৯৫ জন বন্যাদুর্গত মানুষকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করে।

এদিকে জেলা প্রশাসনের অনুরোধে পৃথক একটি সেনা টহল বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বান্দরবান সদর উপজেলার ব্রিগেডপাড়া ও ফজর আলী পাড়ায় আরও ১৬০টি পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে।

বান্দরবান সদর জোন জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।