বান্দরবানে ছয় রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
বান্দরবান সংবাদদাতা।। বান্দরবান ছয় রাবার শ্রমিককে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। অপহৃতদের মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের দুর্গম হাতিরডেরা এলাকা থেকে এ অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত শ্রমিকেরা হলেন– নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
রাবার বাগানের মালিক ইসমাইল জানান, প্রতিদিনের মতো কাজ শেষে শ্রমিকেরা বাগানের ঘরের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত সেখানে ঢুকে পড়ে। তারা শ্রমিকদের মারধর করে এবং চোখ বেঁধে জোর করে তুলে নিয়ে যায়। রাতের আঁধারে ঘটনাটি এলাকায় জানাজানি না হলেও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি প্রকাশ পায়। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইসমাইলের দাবি, অপহরণের পর দুর্বৃত্তরা তার সঙ্গে যোগাযোগ করেছে। শ্রমিকদের অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়ার বিনিময়ে তারা ২০ লাখ টাকা দাবি করেছে।
টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ জানান, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। শ্রমিকদের দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন, অপহরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।









