ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে জমকালো আয়োজনে ফুটবল প্রীতিম্যাচ, উপভোগ করলেন হাজার হাজার ফুটবলপ্রেমী

  • আপডেট: Friday, April 24, 2026 - 7:15 pm

বাঘাইছড়ি প্রতিনিধি:-

রাঙামাটির বাঘাইছড়িতে জমকালো আয়োজনে ফুটবল প্রীতিম্যাচ উপভোগ করলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। বাঘাইছড়ি ফুটবল একাডেমির উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলার মিনি স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়। খেলা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

খেলায় মুখোমুখি হয় বাঘাইছড়ি ফুটবল একাডেমি বনাম মাটিরাঙ্গা গোমতি ফুটবল একাডেমি। খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে হাজার হাজার দর্শকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উভয় দলের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা চালালেও নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোল করতে সক্ষম হয়। ফলে ম্যাচটি ২-২ গোলে ড্র ঘোষণা করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, বিশেষ অতিথি জোন উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, জোনের পরিচালক হাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে এবং মাদক থেকে দূরে রাখে। পাশাপাশি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

পরে উভয় দলের খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার ও অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।