ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ৬:২৫ অপরাহ্ন

শিরোনাম

বন্যাদুর্গত মানুষের পাশে বলিপাড়া ব্যাটালিয়ন: ১১৮ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট: Sunday, July 12, 2026 - 3:54 pm

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের বলিপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়ায় বন্যার পানি প্রবেশ করেছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।

রোববার (১২ জুলাই) বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৫৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রায় ২০০ জনের মধ্যে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি তিনি আশ্রিত পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ সময় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

পরে অধিনায়ক বাগানপাড়া, অন্তনীপাড়া ও অনিলপাড়ার আরও ৫০টি বন্যাদুর্গত পরিবারের প্রায় ২০০ সদস্যের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। সব মিলিয়ে একদিনে বলিপাড়া ব্যাটালিয়ন ১১৮টি পরিবারের প্রায় ৪০০ জন সদস্যের মধ্যে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় ৬৫টি পরিবার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এর আগে বন্যা পরিস্থিতির শুরুতে গত ৮ ও ৯ জুলাইও বিজিবির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বলিপাড়া ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম, নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।