ফটিকছড়িতে যৌথ অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারে পণ্যের অবৈধ মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভোজ্য তেল মজুদের মতো বিভিন্ন অনিয়ম প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী দুইটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে যথাক্রমে ৩০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের অবৈধভাবে পণ্য মজুত না করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, জনস্বার্থে বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।











