ঢাকা | ফেব্রুয়ারী ৬, ২০২৬ - ৮:১৪ অপরাহ্ন

শিরোনাম

পে-স্কেলের দাবিতে যমুনা অভিমুখী মিছিলে পুলিশের বাধা, আহত ছয়জন ঢামেকে

  • আপডেট: Friday, February 6, 2026 - 4:35 pm

নিজস্ব প্রতিবেদক।। নবম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী সরকারি কর্মচারীদের মিছিলে পুলিশ লাঠিপেটা এবং জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বাধা দিয়েছে। এতে আহতদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ছয় সরকারি কর্মচারী হলেন আব্দুল হান্নান (৪৫), জয় দাস (৩৫), আব্দুল আউয়াল (৪০), মো. তন্ময় (৩২), মো. জাকারিয়া (৬০) ও মো. সিকান্দার (৪০)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের পৌনে ১টার দিকে তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতদের সঙ্গে হাসপাতালে আসা সহকর্মী মো. কালাম হাওলাদার জানান, পূর্বঘোষণা অনুযায়ী সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি মিছিল বের করেন। এটি শাহবাগ অতিক্রম করার আগ মুহূর্তে পুলিশ বাধা দেয়। তারা লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

কালাম হাওলাদার বলেন, ‘পুলিশের ওই অভিযানে আমাদের ছয় সহকর্মী আহত হন। সবাইকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারা চিকিৎসাধীন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুপুরে আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।