ঢাকা | জুন ১৫, ২০২৬ - ৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম

নিরাপদ ফসল উৎপাদনে জোর: মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ

  • আপডেট: Monday, June 15, 2026 - 6:20 pm

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কৃষক GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ নাছির উদ্দিন। তিনি তার বক্তব্যে GAP-এর উদ্দেশ্য, গুরুত্ব ও প্রাথমিক ধারণা তুলে ধরে বলেন, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনে GAP একটি কার্যকর পদ্ধতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ওলাকর বিশ্বাস, মহালছড়ি উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন।

প্রশিক্ষণে কৃষকদের GAP নীতিমালা অনুসরণ করে উন্নত ও নিরাপদ ফসল উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশেষ করে ফসল উৎপাদনের প্রতিটি ধাপে সঠিক ব্যবস্থাপনা, নিরাপদ কীটনাশক ব্যবহার, স্বাস্থ্যসম্মত উৎপাদন প্রক্রিয়া এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে GAP সার্টিফিকেট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত করবে এবং কৃষি খাতে টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।