ঢাকা | ফেব্রুয়ারী ২, ২০২৬ - ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম

নিখোঁজের দুইদিন পর মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

  • আপডেট: Monday, February 2, 2026 - 8:52 pm

মুন্সীগঞ্জ প্রতিনিধি।। মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাঈমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার দুইদিন পর সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর ৪নং পিলারের ৫০০ ফুট উত্তরে নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। এর আগে শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সাথে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই ছাত্র।

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী ট্রলার নিয়ে পদ্মা নদীতে ঘুরতে বের হয়। এ সময় সেতুর ৪নং পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই শিক্ষার্থী। খবর পাওয়ার পর থেকে নদীতে টানা উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল। পরে সোমবার দুপুরে মরদেহটি পাওয়া যায়। নিহত নাঈমের বাড়ি নাটোর জেলায়। তার মরদেহ এমআইএসটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।