দুর্গম থুইসাপাড়ায় আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি
বান্দরবান প্রতিনিধি:
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার মধ্যে বান্দরবানের দুর্গম থুইসাপাড়া এলাকায় আটকে পড়া চার পর্যটককে সফলভাবে উদ্ধার করে নিরাপদে থানচি উপজেলা সদরে পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৪ জুলাই আমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে চারজন পর্যটক থুইসাপাড়া এলাকায় যান। পরে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও প্রতিকূল আবহাওয়ার কারণে ৭ জুলাই থেকে তারা সেখানে আটকা পড়েন।
খবর পাওয়ার পর বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকের নির্দেশে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল দ্রুত থুইসাপাড়ায় পৌঁছে পর্যটকদের নিরাপদ আবাসন, খাবার এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করে।
পরবর্তীতে ১১ জুলাই জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প থেকে আরেকটি টহল দল দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে থুইসাপাড়ায় পৌঁছে পর্যটকদের নিয়ে বিকল্প পথে পায়ে হেঁটে থুইসাপাড়া, জিন্নাপাড়া, হালিরামপাড়া ও নিকোলাসপাড়া হয়ে অংসাউপাড়ায় পৌঁছায়। সেখানে বিজিবির তত্ত্বাবধানে তাদের নিরাপদে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়। তবে অতি দুর্গম পাহাড়ি পথ, একাধিক স্থানে পাহাড়ধস, ঝিরিতে পানির উচ্চতা বৃদ্ধি, তীব্র স্রোত এবং সারাদিনের বৃষ্টির কারণে সেদিন সীমান্ত সড়ক পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি।
রোববার (১২ জুলাই) সকালে বিজিবির আরেকটি টহল দল পর্যটকদের সঙ্গে নিয়ে প্রায় চার ঘণ্টা পায়ে হেঁটে অংসাউপাড়া থেকে সীমান্ত সড়কসংলগ্ন নেপিউপাড়া বিওপিতে পৌঁছায়। পরে সেখান থেকে যানবাহনে করে তাদের নিরাপদে থানচি উপজেলা সদরে ফিরিয়ে আনা হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিজিবি সদস্যরা দুর্গম পাহাড়ি পথ, পাহাড়ধস, স্রোতস্বিনী ঝিরি এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে পেশাদারিত্ব, ধৈর্য ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের আন্তরিক প্রচেষ্টায় পর্যটকদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো মানবিক সংকট ও জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।











