ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ১:১২ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালা জোনের মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা

  • আপডেট: Friday, July 17, 2026 - 10:41 am

মো. আল আমিন, দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের সোবহানপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর পাঁচ শতাধিক নারী-পুরুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে রোগীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

ক্যাম্পে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোহাম্মদ শায়খ উদ্দিন সাকলাইন। তিনি রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি সুস্থ জীবনযাপন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতা সম্পর্কেও পরামর্শ প্রদান করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া অনেকের জন্য কঠিন। ফলে সেনাবাহিনীর এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার দাবি জানান।

স্থানীয়দের মতে, দুর্গম অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।