দাম বাড়লেও অধিকাংশ তেলের পাম্প বন্ধ, বেড়েছে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক।। দাম বৃদ্ধির পরও জ্বালানি তেলের সংকটে রাজধানীবাসী। পর্যাপ্ত তেল মিলছে না এখনও। ঘণ্টার পর ঘণ্টা থাকতে হচ্ছে লাইনে।
আজ বুধবার সকালে নগরীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ভোক্তারা বলছেন, তেলের নতুন ভোগান্তি ফুয়েল পাস। নতুন লগিন করতে সমস্যার শেষ নেই। সার্ভার আসে যায়। আবার সাইনআপ হলেও কিউআর কড সবখানে কাজে আসছে না। তবে কিছু কিছু যায়গায় আগের চেয়ে সামান্য কম সময় লাগছে তেল পেতে। এই ভোগান্তি আরও কমাতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
খোঁজ নিয়ে দেখা গেছে, আজও বেশিরভাগ পাম্পই বন্ধ রেখেছে সরবরাহ। দু–এক জায়গায় তেল পাওয়া গেলেও রয়েছে দীর্ঘ লাইন। রেশনিং পদ্ধতিতে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে প্রায় ৪ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত।
মাঠ পর্যায়ে ২৫ শতাংশ পর্যন্ত জ্বালানি সরবরাহ বৃদ্ধি করা হয়েছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। ফুয়েল কার্ডের মাধ্যমে পর্যাপ্ত জ্বালানি পাওয়ায় ভোগান্তির নিরসন হবে বলে আশাবাদী ভোক্তারা।
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে সম্প্রতি ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। গত শনিবার মধ্যরাত থেকেই কার্যকর হয় অকটেন, ডিজেলসহ চার ধরনের জ্বালানির দাম। প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, কেরোসিনে ১৮, পেট্রোলে ১৯ এবং অকটেনে ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।











