ঢাকা | মে ২৪, ২০২৬ - ৮:০৪ অপরাহ্ন

শিরোনাম

থানচিতে পাহাড়ি শিশু ধর্ষণের অভিযোগ: অপপ্রচার না ছড়িয়ে শান্তি বজায় রাখার আহ্বান বিজিবির

  • আপডেট: Sunday, May 24, 2026 - 6:34 pm

নিজস্ব প্রতিবেদক।।

বান্দরবানের থানচি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুনপাড়ায় ৫ বছর বয়সী এক পাহাড়ি শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ঘিরে আইনগত প্রক্রিয়া চলমান থাকলেও একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিচার কার্যক্রমে বিলম্ব করছে কিংবা অভিযুক্তকে রক্ষার চেষ্টা করছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও অপপ্রচার বলে উল্লেখ করেছে।

এ বিষয়ে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, “অপরাধী যেই হোক না কেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে অবশ্যই উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। বিজিবি কখনো কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না।”

তিনি আরও বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। একটি মহল উদ্দেশ্যমূলকভাবে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

জোন কমান্ডার স্থানীয় জনগণকে গুজব ও উস্কানিমূলক প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা বিষয়টি নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান।