টেকনাফে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
এম এ হাসান, টেকনাফ।।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের রাজারছড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে একটি টেকনাফগামী মোটরসাইকেল টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের রাজারছড়া নামক স্থানে পৌঁছলে একটি পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক মোক্তার আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। তিনি উত্তর শীলখালী এলাকার মৃত জাফর আহমদের পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। অপর ১ জন মোটরসাইকেল আরোহী ও পথচারীকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে পথচারী শিশুটিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাহারছড়া তদন্ত ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) দুর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ২৭ এপ্রিল রাতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার (ফরেস্ট অফিস সংলগ্ন) এলাকায় অদক্ষ ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এসময় উক্ত এলাকার বশির মাঝির পুত্র শফিকুর রহমান নামের একজন পথচারী নিহত হন। এসময় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে সূত্রে জানা গেছে।
অপরদিকে, একই তারিখ রাতে কক্সবাজার থেকে চিকিৎসা শেষে মাকে নিয়ে বাড়ি ফেরার পথে মেরিন ড্রাইভ সড়কে সিএনজি ও চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মেয়ে নিহত হয়। এসময়ও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
অন্যদিকে একই রাতে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা দিল মোহাম্মদ নামের একজন আরোহী রামু হাইওয়ে সড়কে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন বলে জানা গেছে।
জানতে চাইলে টেকনাফ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) মোখলেছুর রহমান দৈনিক সৈকতকে বলেন, অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এ ধরনের গাড়ি চালকদের সঠিক কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং যাদের সঠিক কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।











