ঢাকা | মে ৪, ২০২৬ - ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম

গ্রামের বাড়ি একই গ্রামে, মনিরা শারমিনের রিট শুনানি অন্য কোর্টে দিলেন বিচারক

  • আপডেট: Monday, May 4, 2026 - 9:26 pm

ডেস্ক রিপোর্ট।। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটির শুনানি অন্য বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন হাইকোর্ট। বেঞ্চের একজন বিচারপতির গ্রামের বাড়ি ও রিট আবেদনকারীর বাড়ি একই এলাকায় হওয়ায় আদালত নীতিগত কারণে এ সিদ্ধান্ত নেন।

সোমবার (৪ মে) বিকালে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম রুহুল কুদ্দুস কাজল।

শুনানির শুরুতেই আদালত অ্যাটর্নি জেনারেল এম রুহুল কুদ্দুস কাজলকে জানান যে, বেঞ্চের একজন বিচারপতির গ্রামের বাড়ি এবং রিট আবেদনকারীর বাড়ি একই গ্রামে। এ কারণে আদালত রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেন এবং শুনানির জন্য হাইকোর্টের ২০ নম্বর বেঞ্চে (বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ) পাঠিয়ে দেন।

এরপর রিটকারীর আইনজীবীরা সংশ্লিষ্ট বেঞ্চে গিয়ে বিষয়টি মেনশন (শুনানির আরজি) করলে আদালত আবেদনটি মঙ্গলবার (৫ মে) শুনানির জন্য কার্যতালিকায় রাখার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ২৬ এপ্রিল আপিল করলে নির্বাচন কমিশনও তা খারিজ করে দেয়। পরে গত বৃহস্পতিবার কমিশনের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন এনসিপির এই নেত্রী।