খাগড়াছড়িতে জুতা কেনা কেন্দ্র করে হাতাহাতি, সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে মাঠে সেনাবাহিনী
খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালায় জুতা কেনাকে কেন্দ্র করে ক্রেতা ও দোকানদারের মধ্যে কথা-কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সম্ভাব্য সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি শিশুর জন্য জুতা কিনতে গিয়ে দরদাম নিয়ে এক ক্রেতা ও এক বাঙালি দোকানদারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ ঘটনার পর বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় কিছু যুবক ঘটনাস্থলে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং সাম্প্রদায়িক সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দীঘিনালা জোনের অধীন বড়দাম ও বাবুছড়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় উভয় পক্ষ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
স্থানীয়রা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কোনো মহল যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।











