ঢাকা | জুন ১৫, ২০২৬ - ৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, June 15, 2026 - 6:19 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কর্ণফুলী নদীর মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, মৎস্য সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এবং এ সম্পদ সংরক্ষণ করা সকলের দায়িত্ব। তিনি মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলেন, মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে বন্ধকালীন সময়ে কাপ্তাই লেক ও কর্ণফুলী নদী থেকে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে তিনি মাছ শিকারে কোনো অবস্থাতেই কারেন্ট জাল ব্যবহার না করার আহ্বান জানান।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান এবং সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন এবং সভা সঞ্চালনা করেন।

সভায় অংশগ্রহণকারী মৎস্যজীবীদের মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।