ঢাকা | এপ্রিল ২৮, ২০২৬ - ২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে মহাবিপন্ন বাঘা আইল মাছ উদ্ধার, পরে মাটিচাপা

  • আপডেট: Monday, April 27, 2026 - 11:23 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। রাঙামাটির কাপ্তাইয়ে বন বিভাগের অভিযানে মহাবিপন্ন প্রজাতির একটি বাঘা আইল মাছ উদ্ধার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া অনুযায়ী মাছটি ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৪ ফুট দৈর্ঘ্য ও ১৬ কেজি ওজনের একটি বাঘা আইল মাছ উদ্ধার করা হয়, যা কর্ণফুলী নদী থেকে শিকার করে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া বাঘা আইল মাছটি বাংলাদেশে শিকার, পরিবহন ও কেনাবেচা আইনত নিষিদ্ধ এবং এটি লাল তালিকাভুক্ত মহাবিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের নির্দেশে রাত সাড়ে ৯টার দিকে মাছটি কেটে কেরোসিন তেল দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।

এ সময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মজিবুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।