কাপ্তাইয়ে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাইয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন সঞ্চালনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক ও শ্রমিক নেতা আনিছুর রহমান, কাপ্তাই উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ এবং সদস্য সচিব আল নাহিয়ান ডালিম। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়, যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।











