ঢাকা | জুলাই ২, ২০২৬ - ২:০৮ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৮৪১ পরীক্ষার্থী

  • আপডেট: Thursday, July 2, 2026 - 11:39 am

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

দেশের অন্যান্য স্থানের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলাতেও বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা। উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ মিলিয়ে মোট ৮৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজ উদ্দিন জানান, পরীক্ষার্থীদের মধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ১৭১ জন, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ৬৩৯ জন এবং বিলাইছড়ি কলেজের ৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

তিনি আরও জানান, এবারের পরীক্ষা পরিচালনা পদ্ধতিতে নতুনত্ব আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় থেকে পরীক্ষাকক্ষ, করিডোর এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।

পরীক্ষা কেন্দ্রের হল সুপার এবং কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম বলেন, এ কেন্দ্রে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। পরীক্ষা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি সকল পরীক্ষার্থীকে পরীক্ষার নিয়ম-কানুন মেনে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।