ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হস্তক্ষেপের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি।।
ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকার ও বাংলাদেশ ব্যাংকের অবৈধ ও অনৈতিক হস্তক্ষেপ এবং দেশের ব্যাংকিং খাত ধ্বংসের অপচেষ্টার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান প্রেস ক্লাব সংলগ্ন মুক্তমঞ্চ এলাকায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল, “ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা বন্ধ কর”, “আর্থিক প্রতিষ্ঠান দলীয়করণ মানি না, মানব না”, “ব্যাংক লুটেরা এস আলম ও তার দোসরদের পুনর্বাসন বন্ধ কর” এবং “ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পদত্যাগ করানো চলবে না” ইত্যাদি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের বিশিষ্ট ব্যক্তি কাজী নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক নুরুল আলম সওদাগর, মো. রিয়াজ উদ্দীন, গোলাম ফারুক, নুরে আলম ছিদ্দিকী, খোরশেদ আলম, নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশে নতুন করে ব্যাংকিং খাত ধ্বংসের অপতৎপরতা শুরু হয়েছে এবং ইসলামী ব্যাংককে দুর্বল করার চেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ব্যাংক লুটেরা এস আলমের মাধ্যমে ইসলামী ব্যাংককে ধ্বংসের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে।
সভাপতির বক্তব্যে কাজী নুরুল আমিন বলেন, একটি স্বার্থান্বেষী মহল ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা নষ্ট করে গ্রাহকদের আমানত ঝুঁকির মধ্যে ফেলতে চায়। তিনি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে দৃশ্যমান উন্নতি না হওয়া এবং ব্যাংকের পরিবেশ নষ্ট হওয়ার জন্য বর্তমান চেয়ারম্যান ওবাইদুর রহমান ও এমডি কামাল উদ্দিন জসিম দায়ী। একই সঙ্গে গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় বর্তমান এমডি মো. ওমর ফারুক খানকে স্বপদে বহাল রাখা এবং তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অপচেষ্টা বন্ধের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের সুশাসন, স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।











