ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ৩:০৯ অপরাহ্ন

শিরোনাম

আলীকদমে বন্যাদুর্গত ৭৫ পরিবারের পাশে ৫৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন

  • আপডেট: Sunday, July 12, 2026 - 1:03 pm

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাব এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

শনিবার (১১ জুলাই) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে উপজেলার চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রায় ৭৫টি বাস্তুহারা পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সহায়তার আওতায় রেয়াম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের ৩৬টি পরিবার, নজির মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭টি পরিবার এবং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আশ্রয় নেওয়া ২২টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় বিজিবির অধিনায়ক বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্রগুলো সরেজমিন পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন। তিনি আশ্রয় নেওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং যেকোনো দুর্যোগে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন।

স্থানীয়রা দুর্যোগকালে বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজিবি জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের সহায়তায় তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।