অনূর্ধ্ব-১৯ দলের কোচ হলেন হান্নান, মেন্টর মাহমুদুল্লাহ
ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে সাবেক ওপেনার হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২০ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশের জুনিয়র দলের নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেছেন হান্নান। এ ছাড়াও জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি।
কোচ হিসেবে ঘরোয়া ক্রিকেটেও সাফল্য আছে হান্নানের। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডকে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সকে শিরোপা এনে দিতে ভূমিকা রাখেন তিনি। সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হান্নান।
নতুন হওয়া অনূর্ধ্ব-১৯ কোচিং স্টাফের ছয় সদস্যের মধ্যে পাঁচজনই স্থানীয় কোচ। বাংলাদেশের সাবেক পেসার ডলার মাহমুদকে পেস বোলিং কোচ হিসেবে বহাল রাখা হয়েছে।
অন্যদিকে মোহাম্মদ সেলিম ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। দু’জনই আগের অনূর্ধ্ব-১৯ দলের কোচিং সেটআপের অংশ ছিলেন।
এ ছাড়া বিভিন্ন বয়সভিত্তিক দল, হাই পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রাম এবং জাতীয় যুব দলের মেন্টর হিসেবে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহকে নিয়োগ দেয়া হয়েছে।
আসন্ন অস্ট্রেলিয়া সফরে ইমার্জিং ও এইচপি দলের সাথে মেন্টর হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস।
নিয়োগের পর সাংবাদিকদের সাথে আলাপকালে হান্নান জানান, যুব পর্যায়ে প্রতিযোগিতামূলক ফলাফল অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যৎ জাতীয় দলের খেলোয়াড় তৈরি করতে অগ্রাধিকার দেয়া হবে।
তিনি বলেন, ‘আমরা ভালো ফলাফল অর্জন করতে চাই, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো এমন ক্রিকেটার তৈরি করা যারা উচ্চ পর্যায়ে ভালো করার সামর্থ্য রাখবে।’
এদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি অ্যানালিটিক্স ল্যাবরেটরি চালুর ঘোষণা দিয়েছে বিসিবি। প্রাথমিকভাবে মিরপুরের একটি ইনডোর সুবিধা থেকে পরিচালিত এই ল্যাবটি অনূর্ধ্ব-১৪ পর্যায় থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত খেলোয়াড়দের পারফরমেন্সের একটি বিস্তৃত ভিডিও ডেটাবেস রক্ষণাবেক্ষণ করবে।
এই উদ্যোগটি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে খেলোয়াড়দের উন্নতি, পারফরমেন্স বিশ্লেষণ এবং প্রতিভা শনাক্তকরণকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।











