ঢাকা | জুন ২২, ২০২৬ - ১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট: Sunday, June 21, 2026 - 10:40 pm

জেলা প্রতিনিধি, নরসিংদী।। নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদরাসার তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। আজ রোববার (২১ জুন) রাতে উপজেলার পাঁচকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদ্রাসার ছাত্র জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

পুলিশ জানায়, মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে চার ছাত্র আহত হয়। তাদেরকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, আহত এক মাদ্রাসা ছাত্রকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, মাগরিবের সময় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা অজু করছিল। এসময় বজ্রপাত হলে চারজন আহত হয়। তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে চারজনকে আনা হলে আমরা তিনজনকে মৃত্যু অবস্থায় পাই এবং আহত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় ৪ ছাত্র আহত হয়। এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নরসিংদী সিভিল সার্জন ডা. বুলবুল কবির বজ্রপাতে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হতাহতদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। আহত শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ভালো আছে।