নতুন কমিটির সভাপতি মুফতি জাবেরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফেরদৌস
বান্দরবানে ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি:
‘আত্মশুদ্ধির পথে বলীয়ান, ন্যায়ের পথে দৃঢ় প্রত্যয়, আদর্শবান যুবকরা জাগলেই সত্যের হবে জয়’ এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৬ষ্ঠ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বান্দরবান আবু সাঈদ পাঠাগারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির বান্দরবান জেলা শাখার উপদেষ্টা আল্লামা এহসানুল হক আল মুঈন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা আবুল বাশার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সেক্রেটারি মুফতি আবুল হাসান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি এম. লোকমান হাকিম।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি মুফতি জাবেরুল ইসলাম (ইমন)। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি আমিরুল ইসলাম (ফেরদৌস)।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন বলেন, যুবসমাজ একটি দেশ ও জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। যুবকদের নৈতিকতা, আদর্শ, সততা ও দায়িত্ববোধে বলীয়ান হতে হবে। সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি ও অনৈতিকতা দূর করতে হলে আদর্শবান যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান বক্তা আল্লামা এহসানুল হক আল মুঈন বলেন, একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যুবকদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের বিকল্প নেই। ব্যক্তিগত জীবনে ইসলামী আদর্শ অনুসরণ, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সমাজের কল্যাণে আত্মনিয়োগের মাধ্যমে যুবসমাজকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে এগিয়ে আসতে হবে।
বিশেষ বক্তা কাজী মুজিবুর রহমান বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুবসমাজের দায়িত্ব অনেক। সকল মত ও পথের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থেকে এলাকার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদসহ অন্যান্য বক্তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে মুফতি জাবেরুল ইসলামকে সভাপতি, মোঃ সাইদুল ইসলাম খানকে সহ-সভাপতি এবং মাওলানা আমিরুল ইসলাম ফেরদৌসকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে পারলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সম্মেলনের মাধ্যমে যুবসমাজকে আদর্শিক চেতনায় উজ্জীবিত করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।











