ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

দীঘিনালায় মাইনি নদীর ওপর ২০০ মিটার সেতু নির্মাণে একনেকের অনুমোদন

দীঘিনালা প্রতিনিধি।।

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীর ওপর ২০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া সেতুটি বাস্তবায়িত হলে নুনছড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ ভোগান্তি লাঘব হবে।

 

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর আওতায় বাবুছড়া (আরএইচডি)-নুনছড়ি সড়কের ৪৩০ মিটার চেইনেজে মাইনি নদীর ওপর সেতুটি নির্মাণ করা হবে।

 

খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান জানান, স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ডিও লেটারের মাধ্যমে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের প্রস্তাব করেন। এ বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছেও চিঠি দেওয়া হয়েছিল।

 

তিনি আরও জানান, মাইনি নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বর্ষা মৌসুমে নদীর দুই পাড়ের বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হন। সেতুটির নকশা প্রণয়নের কাজ শেষ হলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে নির্মাণকাজ শুরু হতে পারে। এতে আনুমানিক ৬০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

 

সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। নুনছড়ি এলাকায় মাইনি নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। সেতুটির নির্মাণকাজ শেষ হলে এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

সম্পর্কিত