ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রাজস্থলীতে কৃষকদলের সমাবেশ, আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহতের ঘোষণা

রাজস্থলী প্রতিনিধি।।

 

রাঙামাটির রাজস্থলীতে উপজেলা কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভায় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দ। তারা বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর দেশে ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বর্তমান গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে দলটির নেতাকর্মীরা আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ধরনের নৈরাজ্য প্রতিহত করা হবে।

 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজস্থলী উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ কখনোই দেশের মানুষের কল্যাণ চায়নি। বিদেশে অবস্থানরত শেখ হাসিনা তাঁর অনুসারীদের দিয়ে দেশের শান্তিশৃঙ্খলা নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৭ বছরের বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। একই সঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে রাজনৈতিকভাবে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন।

 

উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সুমন খানের সঞ্চালনায় এবং সভাপতি বিশু সাহার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।

 

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা, সহসভাপতি ছকির আহম্মদ, যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, এমপি প্রতিনিধি জিকু কুমার দে, উপজেলা যুবদলের সদস্যসচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খোকন, মহিলা নেত্রী লাকি মারমা ও শিল্পী বেগম, জহিরুল ইসলাম এবং বাঙ্গালহালিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বেলাল হোসেন।

 

সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কৃষকদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত