ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয়

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ অনুষ্ঠানে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

শনিবার (৩১ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের এই কর্মকাণ্ডকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক প্রকাশ্যে ছিঁড়ে ফেলা শুধু ওই পত্রিকার প্রতি অবমাননা নয়, বরং দেশের বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য একটি অত্যন্ত উদ্বেগজনক বার্তা বহন করে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি মূলধারার পত্রিকা ছিঁড়ে ফেলার এই ঘটনা মিডিয়াকে বন্ধ বা তালাবদ্ধ করে দেওয়ার পূর্ব আলামত। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ গণমাধ্যমকর্মী ও কলাকুশলীদের মাঝে গভীর শঙ্কা তৈরি করবে। এর ফলে বাংলাদেশে আবারও সরকারি হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি ফিরে আসার একটি অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামীকে নিয়ে রাশেদ খানের বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তার এই স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেহেতু তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োজিত, তাই তার এই বিতর্কিত কর্মকাণ্ডের পেছনে খোদ প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত বা সায় আছে কি না, তা জানার অধিকার জনগণের রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ‘আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত দুটি প্রধান সংবাদে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিওতে পত্রিকাটির কপি ছিঁড়ে প্রতিবাদ জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার এই কর্মকাণ্ডের পরই সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়ে রাজনৈতিক অঙ্গনে এই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সম্পর্কিত