বাজারে এলো শাওমির নতুন দুই মিনি এলইডি টিভি সিরিজ
নিজস্ব প্রতিবেদক।। উন্নত ডিসপ্লে প্রযুক্তি, প্রাণবন্ত ছবি ও প্রিমিয়াম অডিওর সমন্বয়ে দেশের বাজারে অফিশিয়ালি দুটি নতুন টেলিভিশন লাইনআপ উন্মোচন করেছে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি।
আজ রবিবার (১৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি ‘শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৬’ ও ‘শাওমি টিভি এক্স মিনি এলইডি ২০২৬’ সিরিজ দুটি দেশের বাজারে ছাড়ার ঘোষণা দেয়।
সর্বাধুনিক বেজেল-লেস ডিজাইনের নতুন এই টেলিভিশনগুলোতে স্মার্ট টিভি ফিচারের সাথে কিউডি-মিনি এলইডি প্রযুক্তির সমন্বয় করা হয়েছে, যা ক্রেতাদের মুভি, স্পোর্টস ও গেমিংয়ের ক্ষেত্রে অনবদ্য অভিজ্ঞতা দেবে।
লাইনআপের শীর্ষে থাকা ‘শাওমি টিভি এস প্রো মিনি এলইডি’ সিরিজটি ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি—এই তিনটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। স্মুথ ভিজ্যুয়াল ও উন্নত ক্ল্যারিটি নিশ্চিত করতে সিরিজটিতে ৪কে রেজ্যুলুশন, ১,৭০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। গেমারদের জন্য এতে রয়েছে বিশেষ গেম বুস্ট মোড, যা অ্যাক্টিভেট করার মাধ্যমে ভ্যারিয়েবল রিফ্রেশ রেট (VRR) ও আলট্রা-ফাস্ট ২৮৮ হার্জ রিফ্রেশ রেট উপভোগ করা যাবে। এছাড়া ডলবি ভিশন, ডলবি অ্যাটমস ও হারমান অডিওইএফএক্স সাউন্ড টিউনিংয়ের পাশাপাশি এর উন্নত লোকাল ডিমিং প্রযুক্তি নিখুঁত দৃশ্য ফুটিয়ে তুলতে সহায়তা করে।
একই সাথে দেখার পছন্দকে আরও বিস্তৃত করতে বাজারে এসেছে ‘শাওমি টিভি এক্স মিনি এলইডি’ সিরিজটি। এটি ৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি—এই চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার মধ্যে ৪৩ ইঞ্চির মডেলটি বর্তমানে দেশের একমাত্র ৪৩ ইঞ্চি মিনি এলইডি টিভি। প্রাণবন্ত রঙ ও উন্নত কনট্রাস্ট দিতে এই সিরিজে ৪কে রেজ্যুলুশন, কিউডি-মিনি LED ডিসপ্লে প্রযুক্তি ও এইচডিআর১০+ (HDR10+) সাপোর্ট ব্যবহার করা হয়েছে।
নতুন এই সিরিজ উন্মোচন প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে আমরা সবসময় উদ্ভাবনী প্রযুক্তি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নিখুঁত পিকচার কোয়ালিটি, স্মুথ ভিজ্যুয়াল ও প্রিমিয়াম অডিওর সমন্বয়ে বাসাবাড়ির বিনোদনকে আরও আকর্ষণীয় করে তোলাই আমাদের লক্ষ্য। চলচ্চিত্রপ্রেমী, খেলাধুলার ভক্ত ও গেমারদের দৈনন্দিন বিনোদনের চাহিদা মেটাতে এই দুটি টিভি সিরিজ চমৎকার ভূমিকা রাখবে।”
নতুন এই দুটি সিরিজের টেলিভিশনই এখন দেশজুড়ে সকল শাওমি অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ‘শাওমি টিভি এস প্রো মিনি এলইডি’ ৫৫ ইঞ্চির দাম ১,২৩,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চির দাম ১,৬৪,৯৯৯ টাকা এবং ৭৫ ইঞ্চির দাম ২,৩৪,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে ‘শাওমি টিভি এক্স মিনি এলইডি’ ৪৩ ইঞ্চির দাম ৬৩,৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চির দাম ৯৮,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চির দাম ১,২৬,৯৯৯ টাকা এবং ৭৫ ইঞ্চির দাম ১,৭১,৯৯৯ টাকা।











