ঢাকা | জুলাই ৯, ২০২৬ - ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

বন্যাকবলিত ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বান্দরবান সেনা জোন

  • আপডেট: Wednesday, July 8, 2026 - 11:29 pm

বান্দরবান প্রতিনিধি।।

টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি পাহাড়ধসে আটকে পড়া পরিবারগুলোকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে বান্দরবান সেনা জোন।

মঙ্গলবার (৮ জুলাই) বান্দরবান সেনা জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর একটি টহল দল জেলার বন্যাকবলিত ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেয় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

পরিদর্শনের সময় সেনা সদস্যরা কুহালং ইউনিয়নের উবাসই মং, উনুচিং মং, মংনু মং, উসই মং, নিথোয়াই মং এবং চাইসুই মং কারবারি পাড়াসহ মোট ছয়টি পাড়ার ২০৭টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের নিরাপদ স্থানে অবস্থান, প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে যাওয়া এবং বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। পরিদর্শনকালে কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা উপস্থিত ছিলেন।

এছাড়া সেনা দল বান্দরবান শহরের আর্মি পাড়া, মেম্বার পাড়া ও শেরেবাংলা পাড়া পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেয়। আর্মি পাড়ায় জলাবদ্ধতার কারণে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে বান্দরবান সেনা জোনের উদ্যোগে একটি নৌকার ব্যবস্থা করা হয়।

একই সঙ্গে ভারী বর্ষণে কালাঘাটা বড়ুয়ারটেক বড়ুয়া পাড়ায় সংঘটিত পাহাড়ধস এবং বন্যায় আটকে পড়া পরিবারগুলোকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়।

বান্দরবান সেনা জোন জানিয়েছে, দুর্যোগকালীন সময়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের জানমাল রক্ষা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।