ঢাকা | মে ২৯, ২০২৬ - ৯:০৭ অপরাহ্ন

শিরোনাম

মেসির জন্য বিশ্বকাপে এবারও ফেবারিট আর্জেন্টিনা: ভিনিসিয়ুস জুনিয়র

  • আপডেট: Friday, May 29, 2026 - 11:45 am

 

খেলা ডেস্ক।। দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির আর্জেন্টিনা-ব্রাজিলের দ্বৈরথ কার না জানা। তবে চিরবৈরী ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে লিওনেল স্কালোনির দল যে কতটা শক্তিশালী, তা অকপটে স্বীকার করেছেন সাম্বা তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

 

কাজেইটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে আমি আর্জেন্টিনাকেও বেছে নেব। কারণ ওরাই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, ওদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে এবং সবচেয়ে বড় কথা—ওদের দলে মেসি আছে।’

 

আর্জেন্টিনা দল হিসেবে দারুণ ভারসাম্যপূর্ণ হলেও, তাদের কিংবদন্তি অধিনায়ককে আলাদাভাবে প্রশংসায় ভাসিয়েছেন ভিনিসিয়ুস। ৩৮ বছর বয়সে দাঁড়িয়েও প্রতিপক্ষের চোখে মেসি এখনও বিশ্বের অন্যতম সমীহ জাগানিয়া ফুটবলার। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই উইঙ্গার মূলত এমন একজন খেলোয়াড়ের বিপক্ষে প্রস্তুতি নেওয়ার কঠিন চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন, যিনি রক্ষণভাগের খেলোয়াড়দের সব ভাবনা ভুল প্রমাণ করে এক মুহূর্তের জাদুতে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন।

 

আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার মুখোমুখি হওয়ার অনন্য চ্যালেঞ্জ নিয়ে ভিনিসিয়ুস আরও যোগ করেন, ‘ও (মেসি) সবসময়ই নতুন কিছু নিয়ে হাজির হয়; ও মাঠে ঠিক কী করতে যাচ্ছে, সেটা আগে থেকে অনুমান করা আমাদের পক্ষে অসম্ভব।’

 

প্রতিবেশীদের নিয়ে ভিনিসিয়ুস সতর্ক থাকলেও, তাঁর মূল মনোযোগ এখন ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফিটা ব্রাজিলে ফিরিয়ে নেওয়ার দিকে। আন্তর্জাতিক মঞ্চে এখন কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওরা তাদের ২৪ বছরের দীর্ঘ খরা কাটাতে এবং বিখ্যাত হলুদ জার্সিতে হেক্সা যোগ করতে মরিয়া। ফাইনালে ওঠার এই কঠিন পথযাত্রায় ভিনিসিয়ুসই হতে যাচ্ছেন ব্রাজিলের আক্রমণভাগের মূল কাণ্ডারি।

 

বিশ্বকাপে ‘গ্রুপ সি’তে পড়েছে ব্রাজিল, যেখানে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তাদের অভিযান শুরু করবে। এরপর ১৯ জুন হাইতির মুখোমুখি হওয়ার পর, ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের মিশন শেষ করবে সেলেসাওরা।